১২ দেশে ভারতের ইউপিআই, ব্যবহারকারী ৫৫ কোটির বেশি

ভারতে ডিজিটাল লেনদেনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) পরিধি ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশটির সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্তত ১২টি দেশে চালু হয়েছে ভারতীয় এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৫৫ কোটিতে।

গত মঙ্গলবার ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে লোকসভার সদস্য ড. মান্না লাল রাওয়াতের এক প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য নিশ্চিত করেছেন দেশটির অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) তথ্যের ভিত্তিতে তিনি জানান, ২০২৬ সালের জুন পর্যন্ত ইউপিআই প্ল্যাটফর্মে নিবন্ধিত মোট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৪৯ লাখে। ২০১৬ সালের এপ্রিলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে যাত্রা শুরু করা এই পেমেন্ট সিস্টেমটি এখন দেশটির ডিজিটাল লেনদেনের মূল ভিত্তিতে পরিণত হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে যেখানে ৮৪ দশমিক ১৬ লাখ কোটি রুপির লেনদেন হয়েছিল, ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৩১৪ দশমিক ২৩ লাখ কোটি রুপিতে। লেনদেনের নিরাপত্তায় আরবিআই ও এনপিসিআইয়ের যৌথ উদ্যোগে অতিরিক্ত সুরক্ষা নীতিমালা চালু করার পাশাপাশি এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের মাধ্যমে বিশ্বজুড়ে ভারতীয় পর্যটক ও প্রবাসীদের জন্য আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থা আরও সহজ করার কাজ চলছে।