বিএসইসির নতুন চেয়ারম্যান আব্দুল খালেকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেকের সঙ্গে কর্পোরেশনের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিএসইসি ভবন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদায়ী চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুর আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিএসইসির পরিচালকবৃন্দ, সচিব, র্সিপিও, বিভাগীয় প্রধানগণ এবং নিয়ন্ত্রাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ সরাসরি ও ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরিচয় পর্ব শেষে উপস্থিত কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য পেশ করেন এবং কর্পোরেশনের উত্তরোত্তর সমৃদ্ধিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিএসইসি, পিআইএল এবং বিবিএফএল সিবিএ নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে শ্রমিক-কর্মচারীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেক তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থে ও দেশের কল্যাণে সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিএসইসি এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।