টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা আইসিসির

তাহলে কি ফিফার পথেই হাঁটছে আইসিসি?

৪৮ দল নিয়ে এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। এতে সফলই হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

অদূর ভবিষ্যতে তো ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনোর সেই দেখানো পথে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়াতে চাচ্ছে আইসিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে আরো বেশি দেশে ছড়িয়ে দিতে এবং সহযোগী দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২৪ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে আইসিসির ভেতরে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে টেলিগ্রাফ।
সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্রতিযোগিতা কাঠামো ঘোষণা করেছে। ২০২৮ ও ২০৩০ সালে পরের দুটি আসরে ২০টি দল খেলবে। তবে ২০৩২ আসর থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ২৪ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

পরবর্তীতে ৩২ দল নিয়েও হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর খেলাটির আন্তর্জাতিক বিস্তার আরো জোরদার করতে চায় আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রসারণের বিষয়ে আইসিসির সদস্য বোর্ডগুলোর মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। সহযোগী দেশগুলোর জন্য আরো বেশি সুযোগ তৈরি করা এবং ক্রিকেটের বাজার বিস্তৃত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা প্রথমবারের মতো ২০-এ উন্নীত করা হয়েছিল। সেই সম্প্রসারণ সফল হওয়ায় ভবিষ্যতে আরো ৪টি দল যোগ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।