চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। গভীর রাতে ঝুমঝুমপুর এলাকার একটি চেকপোস্টে ডেভিড ইমনসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। অভিযানে যৌথভাবে অংশ নেয় যশোর জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা।

বিকেল ৩টার দিকে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, গতরাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় ডিবি পুলিশের অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আরও তিন সহযোগী- আলিস তমাল, শাফায়াত ও শামীমকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক অন্যদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম মহানগরের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে ফোন করার সময় ডেভিড ইমন নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, ‘আমি কে, তা পুলিশের কাছ থেকেই জেনে নিন।’ ওই ঘটনার পর তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়।