আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে স্পাইডার-ম্যান!

মার্ভেল–ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো ‘স্পাইডার-ম্যান’। আগামী ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বাংলাদেশে মুক্তি পাবে একদিন আগেই, ৩০ জুলাই।

বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকেরা। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম সিনেমা এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি এটি। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটিতে আবারও স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে রয়েছেন জেনডায়া, জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলো।

সিনেমাটিতে নতুন কিছু চরিত্রও যুক্ত হয়েছে। ‘স্ট্রেঞ্জার থিংস’ অভিনেত্রী সেডি সিঙ্ককে দেখা যাবে রহস্যময় এক চরিত্রে। পাশাপাশি ‘ডেয়ারডেভিল’ সিরিজের জনপ্রিয় চরিত্র ফ্র্যাঙ্ক ক্যাসেল বা ‘দ্য পানিশার’ হিসেবে বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। আগের সিনেমার শেষে ড. স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর কারণে বিশ্ব পিটার পার্কারের অস্তিত্ব ভুলে যায়। এরপর একাকী পিটার নতুন পরিচয়ে নিউইয়র্ককে রক্ষা করতে থাকে।

এবারের সিনেমায় পিটার পার্কারের মানসিক দ্বন্দ্ব, একাকিত্ব এবং নতুন হুমকির মুখোমুখি হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। আগের সিনেমাগুলোর তুলনায় এবার চরিত্রটিকে আরও পরিণত ও দায়িত্বশীল রূপে দেখা যাবে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে। এটি বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তির আওতায় নির্মিত। এই প্রযুক্তির মাধ্যমে দর্শকেরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ের অভিজ্ঞতা পাবেন।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে রেকর্ড তৈরি করেছে। অগ্রিম টিকিট বুকিংয়েও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ।