দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে আজ সোমবার (৩ আগস্ট) ঢাকা সফরে আসছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদমন্ত্রী কিম জং-ক্বান। তার এ সফরে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা), বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে কিম জং-ক্বান বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও তার মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
বৈঠকগুলোতে তৈরি পোশাক শিল্প, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নতুন শিল্পখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা চলমান রয়েছে। এ পর্যন্ত এ বিষয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রের মতে, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রযুক্তি স্থানান্তর, উচ্চমূল্যের শিল্পে বিনিয়োগ এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এই সফর নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানিমুখী বিভিন্ন খাতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।





