পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট লাহোর থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানেই সিরিজের প্রথম টেস্ট চলছে। ‘বিরাজমান আবহাওয়া পরিস্থিতির’ কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মৌসুমি ধোঁয়াশার প্রকোপ দেখা যায়। বর্তমানে তীব্র ধোঁয়াশায় আচ্ছন্ন লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর পর্যন্ত বিশ্বের শহরগুলোর মধ্যে লাহোরের বায়ুমান সবচেয়ে খারাপ। গত এক সপ্তাহে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লির সঙ্গে পালাক্রমে শীর্ষে ছিল শহরটি।
ক্রিকইনফো জানিয়েছে, তীব্র ধোঁয়াশার মধ্যে খেলা হলে লাহোরে সম্প্রচারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সম্প্রচারকরা। চলতি সপ্তাহের শুরুতে লাহোরের বায়ুমানের আরও অবনতি হলে দ্বিতীয় টেস্টের জন্য সেখানে ভ্রমণের প্রস্তুুতি না নিতে সম্প্রচারকদের জানানো হয়। একই সঙ্গে টেস্টের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল পিসিবি।
এই সিদ্ধান্তের ফলে লাহোরে ক্রিকেট মৌসুম বাড়িয়ে শরতের শুরুর দিক পর্যন্ত সম্প্রসারণের পিসিবির প্রচেষ্টা ধাক্কা খেল। গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হলে ২০০৭ সালের পর ১ নভেম্বরের পর শহরটিতে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হতো।
পাঞ্জাব এবং বিশেষ করে লাহোরের বিপজ্জনক বায়ুদূষণ বছরের এই সময়ে প্রায়ই ক্রিকেট আয়োজনকে প্রভাবিত করে। ২০২০ সালের নভেম্বরে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সাদা বলের সিরিজ লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টও আবহাওয়াজনিত উদ্বেগের কারণে মুলতান থেকে করাচিতে স্থানান্তর করা হয়।
তবে দ্বিতীয় টেস্টের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর রাওয়ালপিন্ডিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।





