ভারতের আসাম রাজ্যে কলকাতা থেকে মিজোরামের সাইরাংগামী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার সকালে গুয়াহাটির উপকণ্ঠে দিগারু রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর উদ্ধার ও রেললাইন সচল করার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) কর্মকর্তারা জানান, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিটের দিকে ১৩১২৫ নম্বর কলকাতা-সাইরাং এক্সপ্রেসটি দিগারু স্টেশনে প্রবেশ করছিল। এ সময় অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দিয়ে চলাচলের সুযোগ করে দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। তবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পরে জানান, এ ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম তদারক করছেন। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সহায়তাও দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। কয়েকটি ট্রেনকে বিকল্প স্থানে আটকে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য ট্রিবিউন, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস





