‘হাসিনা চলে যাচ্ছে, এটা তো অলৌকিক ঘটনা মনে হচ্ছিল’

শেখ হাসিনার দেশ ছাড়ার খবর শুনে দারুণ একটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, সেনাসদরে সেনাপ্রধানের কাছ থেকে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পান তারা।

সেই খবর শুনে প্রতিক্রিয়া কেমন ছিল? এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ইউ আন্ডারস্ট্যান্ড, তখন তো দারুণ একটা উত্তেজনা। হাসিনা চলে যাচ্ছে, এটা তো একটা আমাদের কাছে অলৌকিক ঘটনা মনে হচ্ছিল।

তিনি আরও বলেন, যে ১৭টা বছর আমরা এটার জন্য লড়াই করছি। আর এত বড় একটা কঠিন আন্দোলন, এটা রিয়ালি বর্ণনা করা যাবে না তখনকার সেই অভিব্যক্তি।

এরপর সেনাসদর থেকে বঙ্গভবনে যান রাজনৈতিক নেতারা। সেখানে আরও ছিলেন তিন বাহিনীর প্রধান, ডিজিএফআই, এনএসআইয়ের কর্মকর্তারা ছিলেন।

সেখানে প্রথমেই মির্জা ফখরুল জানান, আলোচনার আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তখন সেনাপ্রধান বললেন, ‘হ্যাঁ, এটা অবশ্যই করা উচিত।’

মির্জা ফখরুল বলেন, এরপর রাষ্ট্রপতি বললেন, সবাই একমত হলে অবশ্যই হবে। উনি একটারও বিরোধিতা করেননি। তারপর প্রশ্ন উঠলো, অন্তর্বর্তী সরকার কে নেতৃত্ব দেবেন। তখন আলোচনায় ইউনূস সাহেবের (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) নাম এল।

ছাত্ররা এই প্রস্তাব দেয় জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোনো রাজনৈতিক দল থেকে তার (ইউনূস) নাম আসেনি।