১৫ টাকা দরে চাল বিতরণ শুরু, উপকৃত হবে ৫৫ লাখ পরিবার

নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে দেশের ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় এ কর্মসূচি চালু হয়েছে। আগস্ট থেকে নভেম্বর এবং পরবর্তী বছরের মার্চ ও এপ্রিল—এই ছয় মাস উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করতে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার মানুষের মধ্যে পুষ্টিচাল (ফোর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। এছাড়া ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীকে সাধারণ চাল দেওয়া হচ্ছে।

এদিকে, ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় সারা দেশের ১ হাজার ১০৮টি কেন্দ্রের দোকান ও ট্রাকের মাধ্যমে নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য মজুদের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন। ধানকে চালে রূপান্তর করে এই হিসাব নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। খাদ্য নিরাপত্তা জোরদার, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।