বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ৯ আগস্ট চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

বন্যাকবলিত মানুষের খোঁজখবর নিতে এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শনে আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর চূড়ান্ত হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি সরকারি উদ্যোগে পুনর্নির্মিত নতুন ঘর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে দলীয়ভাবেও চলছে নানা আয়োজন।

জানা গেছে, সফরকে সামনে রেখে বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য নির্মিত নতুন বাড়িগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী এসব বাড়ির চাবি উপকারভোগীদের হাতে তুলে দেবেন। এছাড়া সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজও চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় যাবেন, যেখানে সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি কর্মসূচির বিস্তারিত নির্দেশনা পাওয়ার পর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।