জুলাই গণঅভ্যুত্থান দিবসে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্রবিরোধী যেকোনো মহলের অপতৎপরতা রুখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। ৪ আগস্ট দিবাগত রাত থেকেই নির্ধারিত অনুষ্ঠানস্থল, পদযাত্রার রুট ও বিভিন্ন এলাকার ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি সাত দিন আগে থেকেই এসব স্থানে সাদা পোশাকধারী ও পোশাকধারী সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিচালিত এই অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সাইবার পেট্রোলিংও বাড়ানো হয়েছে। সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে র‍্যাব পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে।