অস্ত্র সংকট নিয়ে ট্রাম্প-হেগসেথের উত্তপ্ত বিতর্কের দাবি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময় গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, গত সপ্তাহে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প অস্ত্র ও গোলাবারুদের সংকট সম্পর্কে জানতে পেরে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের কাছে এর ব্যাখ্যা চান। প্রেসিডেন্টের ধারণা ছিল, এ সমস্যা আগেই সমাধান করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতির কারণেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে হেগসেথ নিজের অবস্থান ব্যাখ্যা করে এ বিষয়ে উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গের দিকে দায় নির্দেশ করেন। তার অভিযোগ, গোলাবারুদের প্রকৃত মজুত পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে যথাযথভাবে অবহিত করা হয়নি।

তবে দ্য ওয়াশিংটন পোস্ট-এর এ প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একে ‘শতভাগ ভুয়া খবর’ বলে দাবি করেন।

তিনি আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে এবং তাদের মধ্যে কোনো মতবিরোধের দাবি ভিত্তিহীন।