মেয়ের জন্মদিনে রণবীরের ‘রামায়ণ’

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ নভেম্বর। তবে সিনেমাটির মুক্তির তারিখ শুধু চলচ্চিত্রপ্রেমীদের জন্য নয়, অভিনেতা রণবীর কাপুরের কাছেও বিশেষ হয়ে উঠেছে। কারণ, একই দিন তাঁর ও আলিয়া ভাটের মেয়ে রাহার জন্মদিন।

এ বছর রাহার বয়স হবে চার বছর। মেয়ের জন্মদিনের দিনে নিজের অভিনীত সবচেয়ে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়াকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন রণবীর। ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘রামায়ণ’-এর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে রণবীর আগে জানিয়েছিলেন, শুরুতে তাঁর মধ্যে ভয় ও দ্বিধা ছিল। এত সম্মানিত ও ঐতিহাসিক একটি চরিত্রকে পর্দায় সঠিকভাবে তুলে ধরতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি।

তবে সিনেমাটিতে কাজ করতে গিয়ে নিজের জীবনেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। রণবীরের মতে, ‘রামায়ণ’ তাঁকে জীবনের মূল্যবোধ, দায়িত্ব, ত্যাগ ও বিশ্বাস সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।

অভিনেতা আরও বলেন, মেয়ে রাহা তাঁকে আরও ভালো মানুষ হতে সাহায্য করেছে। আর ‘রামায়ণ’ তাঁকে রাহার জন্য আরও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দিয়েছে।

ভারতের অন্যতম বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘রামায়ণ’। দুই পর্বে নির্মিত এই ছবির মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে জানা গেছে। ছবিটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলির আগে, আর দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে।

রণবীর কাপুর ও সাই পল্লবীর পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানি দেওল, যশ ও রবি দুবেকে। বিশাল আয়োজনের এই সিনেমা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।