ওয়াশিংটনের দাবানল মোকাবিলায় ১৫০০-এর বেশি দমকলকর্মী মোতায়েন

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্পোকেন কমপ্লেক্স ফায়ার নিয়ন্ত্রণে আনতে ২৪টি রাজ্যের ১৫০০ জনেরও বেশি দমকলকর্মী বর্ধিত শিফটে নিরলস কাজ করে যাচ্ছেন। এই সপ্তাহান্তে অঞ্চলটিতে আরও উষ্ণ ও শুষ্ক আবহাওয়া শুরু হওয়ার আগেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত শনিবার এই দাবানল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮৫০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস-এর মুখপাত্র মাইকেল কেলি জানিয়েছেন, এত বিপুল সংখ্যক স্থাপনা ধ্বংস হওয়ার কারণে এটি ‘সম্ভবত রাজ্যের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আগুনগুলোর মধ্যে একটি’। এটি স্পোকেনের কাছে ২০২৩ সালের গ্রে এবং ওরেগন রোড অগ্নিকাণ্ডকেও ছাড়িয়ে গেছে, যেগুলোতে ৩৫০টি স্থাপনা ধ্বংস হয়েছিল।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা বৃদ্ধির কথা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত ক্যালিফোর্নিয়া ইন্টারএজেন্সি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের মুখপাত্র টম স্টোকসবেরি জানিয়েছেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার লাইনগুলো শক্তিশালী করায় গত সোমবার থেকে আগুন মাত্র ২ একর এলাকা জুড়ে ছড়িয়েছে, যাকে তিনি “অসাধারণ অগ্রগতি” হিসেবে অভিহিত করেছেন।

আগুন লাগার পর থেকে প্রায় ৬৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বুধবারের তথ্য অনুযায়ী, ওল্ড ট্রেইলস এবং অটাম লেন ফায়ারের প্রতিটি ১৩ শতাংশ এবং ফেয়ারভিউ ফায়ার ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সব মিলিয়ে এই দাবানলগুলো এখন পর্যন্ত ১০,৫৪৭ একর এলাকা পুড়িয়ে দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হটশট ক্রুরা মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টা ঘুমিয়ে দৈনিক ১৬ ঘণ্টার দীর্ঘ শিফটে কাজ করছেন। তাঁরা বর্তমানে একটি “অনুসন্ধান ও ধ্বংস” অভিযান চালাচ্ছেন এবং নতুন নতুন উত্তপ্ত স্থানগুলো লক্ষ্য করে কাজ করে যাচ্ছেন। সাধারণত দুই সপ্তাহের জন্য মোতায়েন থাকা এই দলগুলোর সঙ্গে সপ্তাহান্তে আরও অতিরিক্ত কর্মী যুক্ত হওয়ার কথা রয়েছে।সূত্র- আনাদুলু