বাবার দেখানো পথেই হাঁটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে। বাবার অনুপ্রেরণায় ফুটবল শুরু করা ছেলে এখন খেলছে আল নাসেরের বয়সভিত্তিক দলে। আর ছেলেকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
তার বিশ্বাস, একদিন তার ছেলে নিজের কীর্তিকেও ছাড়িয়ে যেতে পারে। তবে সাফল্যের পথে সবচেয়ে কঠিন বিষয় হিসেবে ‘ক্ষুধা’ ধরে রাখার কথা বলেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে রোনালদোকে আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখতে দেখা যায়। সেখানে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছিলেন তার ছেলেও।
পাশে বসা এক কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় ছেলেকে নিয়ে রোনালদো বলেন, ‘ও খুব ভালো ছেলে। সত্যি বলছি, ও খুব ভালো। অন্য সন্তানরাও আরও শক্তিশালী, বিশেষ করে ছোটরা। তবে এই ছেলেটাকে নিয়ে কোনো সমস্যা হয় না।’
ছেলের শারীরিক সক্ষমতা নিয়েও মুগ্ধ রোনালদো। তিনি বলেন, ‘ওর বয়সে আমি যেমন ছিলাম, তার চেয়েও ও শক্তিশালী। আমি তখন ছোটখাটো দেখতে ছিলাম। আমার মনে হয়, ও আমার চেয়েও বড় হবে। কিন্তু সবচেয়ে কঠিন বিষয় হলো নিজের খিদেটা ধরে রাখা।’
২০২২ সালে আল নাসেরে যোগ দেন রোনালদো। এর পরের বছর তার বড় ছেলে ক্লাবটির অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। এর আগে বাবার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলেও অনুশীলন করেছে সে।
চলতি বছরের মার্চে আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় রোনালদোর ছেলেকে। পরে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গেও অনুশীলন করেছে সে। এমনকি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচও খেলেছে।
বাবার মতোই ফুটবলে এগিয়ে যাওয়ার পথে থাকা রোনালদোর ছেলের সামনে এখন বড় চ্যালেঞ্জ—নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ধারাবাহিকতা ধরে রাখা এবং বাবার বিশাল ছায়া পেরিয়ে নিজের পরিচয় তৈরি করা। সূত্র: আনন্দবাজার





