সারা দেশে সব ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রান্তিক কৃষকেরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান ও লাভবান হন, সেই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় পাট ও পেঁয়াজের হাট পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।
পরিদর্শন শেষে হাটে উপস্থিত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ কৃষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, কৃষক যাতে তাদের ঘামঝরা ফসলের সঠিক দাম পান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হয়, সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শিগগিরই বাজার ব্যবস্থার ওপর থেকে সিন্ডিকেটের প্রভাব দূর করা হবে।
অসাধু মজুতদারদের প্রতি হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, বিশেষ আইন অনুযায়ী অসাধু উপায়ে পণ্য মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই কী করছেন তা ভেবেচিন্তে মজুত করুন। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে ফেললে আইন অনুযায়ী কাউকে রেহাই দেয়া হবে না।





