জন্মদিনে মহেশ বাবুর তারকা হয়ে ওঠার গল্প

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা মহেশ বাবু। পর্দায় তাঁর নায়কোচিত উপস্থিতি, অ্যাকশন ও অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক তাঁর ক্যারিয়ার ও সাফল্যের গল্প।

১৯৭৫ সালের ৯ আগস্ট চেন্নাইয়ে জন্ম মহেশ বাবুর। অভিনয় পরিবারেই বেড়ে উঠেছেন তিনি। তাঁর বাবা ঘট্টামানেনি কৃষ্ণা ছিলেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা। মাত্র চার বছর বয়সে বাবার সিনেমা ‘নিদ’-এ শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান মহেশ। এরপর আরও কয়েকটি সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

নায়ক হিসেবে তাঁর ক্যারিয়ারের বড় সাফল্য আসে ‘মুরারি’, ‘অথাডু’, ‘পোকিরি’, ‘দুকুডু’, ‘মহর্ষি’ ও ‘সারিলেরু নিকেভভারু’র মতো সিনেমায়। ২০০৬ সালের ‘পোকিরি’ ব্যাপক সাফল্য পাওয়ার পর এর হিন্দি রিমেক হয় ‘ওয়ান্টেড’ নামে। দুই দশকের বেশি সময় ধরে তেলেগু সিনেমায় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন মহেশ।

ভক্তদের কাছে তিনি ‘প্রিন্স’ নামে পরিচিত। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত এই তারকা। শিশুস্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে সহায়তা করেছেন তিনি।

মহেশ বাবুর মোট সম্পদের সরকারি নির্ভুল হিসাব নেই। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি টাকার বেশি। সিনেমার পারিশ্রমিক, বিজ্ঞাপন ও ব্যবসা থেকে তাঁর বড় একটি আয় আসে। ২০১৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তোলেন তিনি। এ ছাড়া হায়দরাবাদে এএমবি সিনেমাস নামে একটি প্রিমিয়াম মাল্টিপ্লেক্স ব্যবসার সঙ্গেও যুক্ত মহেশ।

বর্তমানে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ‘বারানসি’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। ছবিতে মহেশের সঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তির লক্ষ্যে এগোচ্ছে।