ফটিকছড়ি পৌঁছে বাবুনগর মাদ্রাসার পথে প্রধানমন্ত্রী

ফটিকছড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিএনবি মাঠে অবতরণ করেন তিনি।

হেলিকপ্টার থেকে নামার পর প্রধানমন্ত্রী বিশেষ বুলেটপ্রুফ বাসে করে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে পেলাগাজী সিএনবি মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ মাঠের আশপাশে জড়ো হন। তাকে একনজর দেখতে অনেকে সড়কের দুই পাশে অবস্থান নেন। কেউ কেউ আশপাশের ভবনের ছাদ ও গাছেও উঠে অপেক্ষা করেন।

বাবুনগর মাদ্রাসায় পৌঁছে প্রধানমন্ত্রীর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। সেখানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে।