মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘এই সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ড. ইউনূস প্রায় ১৮ মাস থেকে সেটাকে একদমই ওঠাতে পারেনি। শেষ মাসে তো বেতন দেবে কীভাবে সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিল।’
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। ফ্যামিলি কার্ড যাতে যোগ্য সবাই পান সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে এই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। এতে অনেক টাকা ব্যয় হবে। কিন্তু এই শূন্য অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।
আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম। স্বাস্থ্য কার্ডও দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে তিনি ঘোষণা করেছেন, উপজেলার বাইরেও যেসব জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে, সেগুলোকে সচল করা এবং যেখানে নেই, সেখানেও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হবে। যাতে মানুষের অসুখ-বিসুখ হলে দৌড়ে শহরে যেতে না হয় এবং এখানেই ছোটোখাটো অসুখের চিকিৎসা করা যায়, আমরা সেই চেষ্টা করেছি।’
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।





