দলীয় সব পদ থেকে পদত্যাগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দায়িত্বশীল সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

ব্যক্তিগত কারণ ও নতুনদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার ইচ্ছার কথা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, দীর্ঘ সময় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি মনে করছেন এখন সময় এসেছে দলে তরুণ ও নতুন নেতৃত্বের সুযোগ তৈরি করে দেওয়ার। তিনি ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন।

তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি এবং এ দেশের মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। প্রতিকূল সময়ে দল পরিচালনা করতে গিয়ে অসংখ্য নেতাকর্মীর ভালোবাসা ও সমর্থন পেয়েছি, যার জন্য আমি কৃতজ্ঞ। তবে এখন থেকে একজন সাধারণ কর্মী হিসেবেই আমি দলের সঙ্গে যুক্ত থাকব।”

হঠাৎ মির্জা ফখরুলের এই পদত্যাগের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দলের সিনিয়র নেতাদের একাংশ তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও তিনি তাঁর অবস্থানে অনড় রয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর দলের ভারপ্রাপ্ত বা নতুন মহাসচিব কে হতে যাচ্ছেন, তা নিয়ে এখন দলের ভেতরে ও বাইরে জোরালো গুঞ্জন চলছে।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে বিএনপি।