তিন কারণে কমছে না হামে শিশু মৃত্যু

অসংখ্য শিশুকে টিকা কার্যক্রমের বাইরে রাখা, অপুষ্টি ও স্বাস্থ্য বিধি না মানার কারণে হাম সংক্রমণে মৃত্যু কমছে না। মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া এই হামের প্রাদুর্ভাবের (আউটব্রেক) পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্য অনুযায়ী, দেশে এখনো হাম-রুবেলার টিকার আওতার বাইরে রয়েছে প্রায় ১৯ লাখ শিশু, যা মোট শিশুর আট শতাংশ। এ কারণে এখনো প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়জন শিশু মারা যাচ্ছে। এছাড়া আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি।
তবে টিকা না পাওয়া শিশুর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে বিশেষজ্ঞদের ধারণা। তাদের মতে, টিকাদান কর্মসূচির অব্যবস্থাপনা এবং বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে থাকায় সংক্রমণের ঝুঁকি কমছে না।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর নিশ্চিত হাম ও তার উপসর্গে ১ হাজার ২৮৯ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দুই লাখের বেশি সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত শিশুদের সিংহভাগই টিকা নেয়নি।

রাজনৈতিক অস্থিরতা ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বিলম্বের কারণে হামের টিকাদানের হার গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমে যায়। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ না করার অভিযোগ ওঠার মধ্যে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভও হয়।
এছাড়া জুলাই অভ্যুত্থানের সময়কার বিরূপ পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আন্দোলনের কারণেও টিকা কার্যক্রম ব্যাহত হয়।

চলতি বছরের জানুয়ারিতে যখন অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই মূলত দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। মার্চ মাসে গিয়ে হামের রোগী বাড়ার ফলে টিকা কার্যক্রম ঠিকমতো না চলার বিষয়টি সামনে আসে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদানে ঘাটতি, অপুষ্টি, শিশুদের মায়ের দুধ না খাওয়ানো, ভিটামিন ‘এ’-এর অভাব, স্বাস্থ্য বিধি না মানা, দেরিতে চিকিৎসা নেওয়া, প্রশাসনিক দুর্বলতা এবং নজরদারির অভাবে মৃত্যুঝুঁকি বেড়েছে। এছাড়া রাজনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্যকর্মীদের বারবার আন্দোলন, সতর্কসংকেতের পরও যথাযথ প্রস্তুতি না নেওয়ায় পরিস্থিতি জটিল পর্যায়ে চলে গেছে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান বা আইইডিসিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, টিকা দেওয়ার পরও অনেক শিশুর শরীরে অ্যান্টিবডি গড়ে ওঠেনি এবং টিকা ঠিকমতো কাজ করছে না।

এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, হাম প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিকাদান কার্যক্রম। এটা ঠিকভাবে হচ্ছে না। শুধুমাত্র টিকা কিনে রাখলেই হবে না। টিকাদান কার্যক্রম ঠিকভাবে চালাতে কর্মী ও ভলান্টিয়ার নিয়োগ করতে হবে। কারণ, দেশের মানুষ এত শিক্ষিত বা সচেতন নয় যে, তারা স্বউদ্যোগী হয়ে টিকা নিবে। তারা যাতে ঠিকভাবে টিকা নেয় তার জন্য কর্যকর ব্যবস্থা নিতে হবে সরকারকে। টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকলে হাম সারবে না, কারণ মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ভাইরাসকে ফাঁকি দেওয়া সম্ভব না। ৯ বছর বা দরকার পড়লে ১৫ বছর পর্যন্ত সবাইকে টিকা দিতে হবে।

তিনি বলেন, দেশে হাম ইস্যুতে স্বাস্থ্য খাতে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হচ্ছে না। যদি রোগ ঠিকভাবে সামাল দেওয়া না যায়, সে ক্ষেত্রে বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তা নিতে হবে। যেনতেন প্রকারে হাম ইস্যুর সমাধান হবে না। ধামাচাপা দিয়ে নয়, দেশে যে সত্যিই হামের মহামারী হচ্ছে এটা স্বীকার করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। টিকা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। টিকা কোল্ড চেইন মনিটরিং ও সংরক্ষণ এবং পরিবহনসহ টিকাদান ব্যবস্থায় যথেষ্ট দুর্বলতা রয়েছে, এটার সমাধান করা দরকার। একইসঙ্গে করোনাকালের মতো স্বাস্থ্যবিধির বিষয়ে কড়াকড়ি আরোপ করতে হবে। নইলে হাম প্রতিরোধ করা যাবে না।

তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ মায়েরা বাচ্চাদের দুধপান করান। কিন্তু, গরীব-শ্রমজীবী মায়েরা কর্মব্যস্ততার কারণে বাচ্চাদের ঠিকভাবে খাওয়াতে পারেন না। তারা তো নিজেরাই ভালো খাবার পান না। তাদের জন্য সুষম খাবারের ব্যবস্থা করতে হবে। নইলে বাচ্চারা ঠিকভাবে মায়ের দুধ কীভাবে পাবে? এছাড়া গরীব মানুষদের কথা সরকারকে ভাবতে হবে।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, এখনো অনেক শিশু টিকা পায়নি। যদি ৯৫ শতাংশ শিশু ঠিকভাবে টিকা না পায়, তবে হার্ড ইউমিনিট তৈরি হবে না। টিকা যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে কেন কাজ করছে না- তার বিষয়ে গবেষণা করতে হবে। এরপর গবেষণার ফল অনুসারে পদক্ষেপ নিতে হবে। শিশুদের মায়ের দুধ খাওয়াতে উৎসাহিত করতে হবে। সবার জন্য সুষম খাবারের বন্দোবস্ত করা দরকার। একইসঙ্গে জনগণকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করতে হবে।