কাঁধের অপারেশনের পর কেমন আছেন জুনিয়র এনটিআর

তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআরের কাঁধে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সেকেন্দরাবাদের কিমস হাসপাতালে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচার সফল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভক্ত, বন্ধু ও পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন এই তারকা অভিনেতা। তিনি নিশ্চিত করেছেন যে, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য প্রয়োজনীয় পুনর্বাসন প্রক্রিয়া শুরু করছেন।

নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন এক বার্তায় জুনিয়র এনটিআর লেখেন, আপনারা সবাই যে ভালোবাসা ও প্রার্থনা পাঠিয়েছেন, তাতে আমি অভিভূত। অস্ত্রোপচার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমি এখন ভালো আছি। কিমস হাসপাতালের চিকিৎসকদের অসাধারণ টিমকে আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ আরও যোগ করেন, আমার সকল বন্ধু, পরিবার ও ভক্তদের উদ্দেশ্যে বলছি; আপনাদের সমর্থন আমাকে প্রতিদিন শক্তি জোগায়। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।

বুধবার কিমস হাসপাতালের পক্ষ থেকে জারি করা এক স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে যে, জুনিয়র এনটিআর কিছুদিন আগে কাঁধে আঘাত পেয়েছিলেন। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তার দ্রুত ও পূর্ণাঙ্গ নিরাময় নিশ্চিত করতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময় অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।

হাসপাতালের পক্ষ থেকে বুলেটিনে আরও বলা হয়, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অস্ত্রোপচার পুরোপুরি সফল হয়েছে এবং এন. টি. আর ভালো আছেন। চিকিৎসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এখন থেকে তিনি একটি নির্দিষ্ট পুনর্বাসন কর্মসূচি বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু করবেন। আমাদের চিকিৎসকরা আশা করছেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবার স্বাভাবিক ছন্দে ও কাজে ফিরে আসতে পারবেন।

অস্ত্রোপচারের আগেই চিকিৎসকরা জুনিয়র এনটিআরকে প্রাথমিক আঘাতের কারণে অন্তত ছয় থেকে আট সপ্তাহের জন্য পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। সফল অস্ত্রোপচারের পর এখন তিনি আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকবেন এবং চিকিৎসকদের নির্দেশনায় শরীরের কার্যক্ষমতা পুনর্গঠনের কাজ করবেন।

বর্তমানে জুনিয়র এনটিআরের ভক্তরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রহর গুনছেন। সুস্থ হয়ে উঠেই তিনি প্রশান্ত নীল পরিচালিত পরবর্তী বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‌‌‘ড্রাগন’-এর শুটিংয়ে যোগ দেবেন।

সূত্র: এনডিটিভি