অ্যানথ্র্পিকের সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ও কৌশলগত পরামর্শদাতা ক্যামি ক্লার্ক একসময় কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের কাছে ‘প্রাপ্তবয়স্ক কনটেন্ট’ ব্যবসায় বিনিয়োগ চেয়েছিলেন। এপস্টেইন সংক্রান্ত প্রকাশিত নথির ইমেইল এবং ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০১১ সালের মার্চে সাহিত্য এজেন্ট জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টেইনের সঙ্গে ক্যামি ক্লার্কের পরিচয় হয়। এরপর ক্লার্ক তাঁর ব্যবসায়িক অংশীদার মিশেল ক্যাপোসেফালোর সঙ্গে এপস্টেইনের সঙ্গে ডিনারে অংশ নেন। এর পরদিনই ক্লার্ক ইমেইলে তাঁর কোম্পানির অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানান।
কয়েক দিন পর ক্লার্ক তাঁর প্রতিষ্ঠানের তৈরি করা কয়েকটি প্রাপ্তবয়স্ক বিনোদনমূলক চলচ্চিত্রের স্ক্রিপ্ট ও ট্রিটমেন্ট এপস্টেইনের কাছে পাঠান। ২০১২ সালের মার্চে তিনি এপস্টেইনকে তাঁর ও এক সহকর্মীর ব্যবসায় বিনিয়োগের ব্যাপারেও আগ্রহী কি না জানতে চান।
তবে এপস্টেইন ওই ব্যবসায় বিনিয়োগ করেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং একটি পৃথক ইমেইলে তিনি লিখেছিলেন, টেলিভিশনের যৌনধর্মী কনটেন্টে তিনি বিনিয়োগ করতে পারবেন না।
২০১২ সালের জুলাইয়ে ক্লার্ক এপস্টেইনকে তাঁর নতুন বাড়িতে ওঠার একটি অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে এরপর তাঁদের মধ্যে ব্যক্তিগতভাবে আর কোনো সাক্ষাৎ হয়েছিল কি না, সে বিষয়ে প্রকাশিত ইমেইলে তথ্য নেই।
ক্যামি ক্লার্ক কে
ক্যামি ক্লার্ক অ্যানথ্রপিকের আনুষ্ঠানিক কর্মী নন। তবে দারিও আমোদেই ও তাঁর প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শদাতা হিসেবে কাজ করেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়িক অনুষ্ঠানে আমোদেইয়ের সঙ্গে তাকে দেখা যায়। বিনিয়োগকারীদের সঙ্গেও তিনি যোগাযোগ করেন।
চলতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে আমোদেইয়ের ভারত সফরেও ক্লার্ক তাঁর সঙ্গে ছিলেন। দাভোস ও সান ভ্যালিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আয়োজনেও তাঁকে আমোদেইয়ের পাশে দেখা গেছে।
আমোদেইয়ের ক্যারিয়ারেও ক্লার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১৬ সালে আমোদেই ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময় ক্লার্ক তাঁর কৌশলগত পরামর্শদাতা ছিলেন। সে সময় তিনি আমোদেইকে সাবেক গুগল প্রধান এরিক শ্মিটের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এরপর ২০১৮ সালে শ্মিটের সঙ্গে আমোদেই ও ক্লার্কের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পরে শ্মিট অ্যানথ্রপিকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক বিনিয়োগকারী হন। ২০২১ সালের মে মাসে অ্যানথ্রপিকের ১২ কোটি ৪০ লাখ ডলারের সিরিজ এ অর্থায়ন পর্বেও তিনি অংশ নেন।
ক্লার্ক ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের নেভাদায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে তিনি এরিক শ্মিটের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সম্পর্ক তিন বছর স্থায়ী হয়। পরে ২০২২ সালে তিনি দারিও আমোদেইকে বিয়ে করেন।
২০২০ সালের শেষ দিকে দারিও আমোদেই, তাঁর বোন ড্যানিয়েলা আমোদেই এবং আরও কয়েকজন সহকর্মী ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। এরপর থেকে অ্যানথ্রপিকের সঙ্গে ক্লার্কের আনুষ্ঠানিক পদ না থাকলেও আমোদেইয়ের পাশে তাঁর নিয়মিত উপস্থিতি এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের ভূমিকা তাঁকে কোম্পানির বাইরের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরেছে।
সূত্র: ফোর্বস





