ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, কানাডায় পড়াশোনার জন্য দেওয়া স্টুডেন্ট ভিসা একটি অস্থায়ী অনুমতি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীর স্থায়ী বসবাসের অনুমতি না থাকলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) পেতে নানা সমস্যার প্রতিবাদ ও আন্দোলনের মধ্যে প্রিমিয়ার স্মিথ এ মন্তব্য করেছেন। এসব আন্দোলনে ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

সম্প্রতি এক্সে দেওয়া এক পোস্টে স্মিথ বলেন, কানাডায় পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা সবসময়ই অস্থায়ী নথি হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে তাদের অর্জিত শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ দেশে ফিরে যেতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।


পিজিডব্লিউপি পেতে সমস্যার অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে স্মিথ বলেন, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ নিয়ে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়ে থাকতে পারে।

তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ নিয়ে ডিপ্লোমা প্রদানকারী প্রোগ্রাম পরিচালনা করেছেন। তবে পোর্টাজ কলেজকে ‘ডিপ্লোমা মিল’ হিসেবে আখ্যায়িত করার বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন।

স্মিথ আরও বলেন, কানাডার অভিবাসন ব্যবস্থায় স্পষ্ট ও নির্দিষ্ট নিয়ম থাকা জরুরি। আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও বুঝতে হবে যে, কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি বা স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত হয় না।

কানাডার অভিবাসন কর্তৃপক্ষও শিক্ষার্থীদের ভর্তির আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, কোর্সের যোগ্যতা এবং পড়াশোনা শেষে কাজের অনুমতির নিয়ম ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেওয়ার দাবি করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।