কম্পিউটারে থাকা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে রাখতে অনেকেই গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করতেন। তবে এবার এ নিয়মে বড় পরিবর্তন এনেছে গুগল। সম্প্রতি গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণের মাধ্যমে গুগল ফটোজে ছবি ও ভিডিও রাখার সুবিধা বন্ধ করা হয়েছে।
এতে করে এতদিন কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারে ছবি বা ভিডিও রাখলেই সেগুলো অটোমেটিক গুগল ফটোজে যেভাবে চলে যেত, এখন আর সেটি হবে না। ব্যবহারকারীদের এ কাজের জন্য নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে।
আগের সব ছবি-ভিডিও কি মুছে যাবে?
এ পরিবর্তনের কারণে আগে গুগল ফটোজে সংরক্ষণ করা ছবি বা ভিডিও মুছে যাবে না। গুগল জানিয়েছে, আগে সংরক্ষণ করা সব ছবি ও ভিডিও আগের মতোই ব্যবহারকারীর গুগল ফটোজে থাকবে। এতদিন ড্রাইভের ডেস্কটপ সংস্করণের মাধ্যমে যেসব ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ করা ছিল, সেগুলো হারানোর কোনো ভয় নেই। পরিবর্তনটি কেবল নতুন করে রাখার ক্ষেত্রে।
যেভাবে ছবি-ভিডিও রাখবেন
ড্রাইভের ডেস্কটপ সংস্করণের পুরোনো পদ্ধতি বন্ধ হয়ে গেলেও কম্পিউটার থেকে ছবি ও ভিডিও গুগল ফটোজে রাখার সুযোগ থাকছে। এ জন্য এখন সরাসরি গুগল ফটোজের ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এ জন্য কম্পিউটারের ব্রাউজার থেকে গুগল ফটোজে গিয়ে নিজের গুগল অ্যাকাউন্টে ঢুকতে হবে।
এরপর ছবি যোগ করার অপশনে গিয়ে ‘ফোল্ডার সংরক্ষণ’ নির্বাচন করতে হবে। এরপর কম্পিউটারের যে ফোল্ডারে ছবি বা ভিডিও রাখা আছে, সেটি নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় অনুমতি দেওয়ার পর ওই ফোল্ডারের ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ শুরু হবে। অর্থাৎ, আগে যেখানে ড্রাইভের ডেস্কটপ সংস্করণ দিয়ে এই কাজ করা হতো, এখন সেই কাজটি গুগল ফটোজের ওয়েবসাইট থেকেই করতে হবে।
কারা সমস্যায় পড়বেন?
এ পরিবর্তনটি বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা নিয়মিত কম্পিউটারে ছবি বা ভিডিও রেখে সেগুলো গুগল ফটোজে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করতেন। বিশেষ করে ক্যামেরা বা মোবাইল ফোনের ছবি কম্পিউটারে এনে সেখান থেকে গুগল ফটোজে সংরক্ষণ করা, পুরোনো ছবি-ভিডিওর বড় সংগ্রহ কম্পিউটারে রাখা কিংবা নির্দিষ্ট কোনো ফোল্ডারের ছবি নিয়মিত অনলাইনে সংরক্ষণ করার ক্ষেত্রে এতদিনের পদ্ধতি আর কাজ করবে না।
গুগল ড্রাইভের ছবি কি হারাবে?
গুগল ড্রাইভে থাকা ছবি বা ভিডিও মুছে যাবে না। একইভাবে গুগল ফটোজে আগে সংরক্ষণ করা ছবি ও ভিডিওও থাকবে। শুধু ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে কম্পিউটার থেকে গুগল ফটোজে নতুন ছবি ও ভিডিও পাঠানোর পুরোনো সুবিধাটি বন্ধ থাকবে।
সংরক্ষণের আগে স্টোরেজ দেখে নিন
আরেকটি বিষয় মনে রাখা দরকার। গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করলে তা গুগল অ্যাকাউন্টের নির্ধারিত সংরক্ষণ জায়গা ব্যবহার করে। একই জায়গা জিমেইল ও গুগল ড্রাইভের জন্যও ব্যবহৃত হয়। তাই অনেক ছবি বা ভিডিও সংরক্ষণ করার আগে অ্যাকাউন্টে পর্যাপ্ত জায়গা রয়েছে কি না, তা দেখে নেওয়া ভালো।
নতুন এই সিদ্ধান্তে ব্যবহারকারীদের পুরোনো ছবি-ভিডিও নিয়ে চিন্তার কারণ নেই। তবে যারা কম্পিউটার থেকে নিয়মিত গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করেন, তাদের ড্রাইভের ডেস্কটপ সংস্করণের পরিবর্তে গুগল ফটোজের নতুন পদ্ধতি মানতে হবে। (সূত্র: গুগল ড্রাইভ হেল্প)





