দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকাও। এতে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের নাম রয়েছে। তবে নির্বাচনে প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারছেন না জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। কারণ, তিনি জাতীয় সংসদের সদস্য নন।
অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট নিজেই দিতে পারবেন।
কেন ভোট দিতে পারবেন না অলি?
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কেবল জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সে অনুযায়ী, বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। ফলে ভোটার তালিকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্যের নাম রয়েছে।
সংসদে কোন দলের কত ভোট?
বর্তমান সংসদে সাধারণ আসনে রয়েছে—
বিএনপি: ২১১ জন
জামায়াত: ৬৮ জন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬ জন
অন্যান্য দল: ৭ জন
স্বতন্ত্র: ৭ জন
এ ছাড়া সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং স্বতন্ত্র একজন সদস্য রয়েছেন।
এই হিসাব অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন রয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর হাতে।
গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর নির্বাচন কমিশন ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে সংসদ সদস্য না হওয়ায় প্রার্থী অলি আহমদ নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।





