জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির স্প্রিং ও বডি ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। তবে চালক ও সংশ্লিষ্ট কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি; নিরাপদেই রক্ষা পেয়েছেন ট্রেনে থাকা শত শত যাত্রী।
আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২ নম্বর) ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার সময় এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে গেলে চালক ট্রেনটি থামিয়ে দেন। এর ফলে রেললাইনের ওপর ট্রেনটি আটকে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ পুরো উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে।
আকস্মিক এই ট্রেন বন্ধের কারণে জয়পুরহাট ও আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ঘটনার খবর পেয়ে সান্তাহার জংশন থেকে রেলওয়ের টেকনিক্যাল টিম ও ক্যারেজ মিস্ত্রীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দুর্ঘটনাকবলিত বগির ক্ষতিগ্রস্ত অংশ সাময়িকভাবে মেরামত করেন।
ট্রেনের সহকারী চালক রবীন হোসেন জানান, ত্রুটিপূর্ণ বগিটি মেরামতের পর সকাল ১১টা ২০ মিনিটে ট্রেনটি জয়পুরহাট স্টেশনের উদ্দেশে রওনা হয়। এরপরই উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।





