বন্যাবিধ্বস্ত নেপালে ফ্রিতে ইন্টারনেট দিতে প্রস্তুত স্টারলিংক

বন্যাবিধ্বস্ত নেপালে দুর্যোগ ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য যোগাযোগ কিট স্থাপন এবং বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে প্রস্তুত রয়েছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। তবে এ জন্য নেপাল সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।

রবিবার এক্সে প্রকাশিত এক বিবৃতিতে স্টারলিংক জানিয়েছে, নেপাল ও তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে তারা প্রস্তুত। স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি পেলেই প্রয়োজনীয় প্রযুক্তি ও যোগাযোগ কিট স্থাপন করা হবে।

স্টারলিংক বলেছে, অনুমতি পাওয়ামাত্রই নেপাল সরকার ও মানবিক সহায়তা সংস্থাগুলোকে সহযোগিতা করতে কিট স্থাপন এবং বিনামূল্যে পরিষেবা দিতে প্রস্তুত স্টারলিংক।

বন্যায় ওই অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক ও সেতু ধ্বংসের পাশাপাশি স্থানীয় মোবাইল নেটওয়ার্কের বড় ধরনের ক্ষতি হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্টারলিংক জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত ইন্টারনেট সংযোগ দিতে পারে। প্রতিষ্ঠানটির বহনযোগ্য কিট চালু করতে শুধু বিদ্যুতের উৎস এবং আকাশের পরিষ্কার দৃশ্য প্রয়োজন। এগুলোর মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই উচ্চগতির ও কম-বিলম্বের ইন্টারনেট সংযোগ চালু করা সম্ভব।

উদ্ধার ও অনুসন্ধানকারী দলগুলোর মধ্যে সমন্বয়, আহতদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের যোগাযোগ এবং দুর্যোগকবলিত এলাকায় স্বজনদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ পুনঃস্থাপনে এই ধরনের জরুরি যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট ভোতে কোশি নদীর ভয়াবহ বন্যার পর নেপালের ক্ষয়ক্ষতির মাত্রা ক্রমেই স্পষ্ট হচ্ছে। কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত নদী অববাহিকাজুড়ে ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বা তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সূত্র: নেপাল নিউজ।