বিলাওয়াল ভুট্টোর বিয়ের গুঞ্জন, পাত্রী কে?

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল। এমনকি তার কথিত বাগদত্তাকে নিয়েও নানা তথ্য সামনে এসেছে। তবে দলটির পক্ষ থেকে এসব খবরকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে।

গুঞ্জনের সূত্র ধরে পাকিস্তানি গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিলাওয়ালের বিয়ের তারিখ চূড়ান্ত ও পারিবারিক আলোচনা করতে তার বাবা, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেশটিতে গিয়েছেন। তবে এ দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

বিয়ের সম্ভাব্য পাত্রী নিয়েও চলছে আলোচনা। ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছে, বিলাওয়ালের কথিত বাগদত্তা পশ্চিম ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লিচেনস্টাইনের রাজধানী ভাদুজের বাসিন্দা। তবে তার পরিচয় বা বিলাওয়ালের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে পাকিস্তান পিপলস পার্টি। করাচির মেয়র ও বিলাওয়ালের মুখপাত্র মুর্তাজা ওহাব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, দলীয় চেয়ারম্যানের বাগদান কিংবা বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন।

বিলাওয়াল বা তার পরিবারের পক্ষ থেকেও বাগদান কিংবা বিয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

তবে বিয়ে নিয়ে এর আগেও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বিলাওয়াল। ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এক সাংবাদিক তাকে বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে হাসতে হাসতে বিলাওয়াল বলেছিলেন, তার অবশ্যই বিয়ে করার পরিকল্পনা রয়েছে। তবে কবে বিয়ে করবেন, সে বিষয়ে তখন কোনো তথ্য দেননি।

এরও আগে ২০১৬ সালে হবু জীবনসঙ্গী প্রসঙ্গে মজার মন্তব্য করেছিলেন পাকিস্তানের এই রাজনীতিক। তিনি বলেছিলেন, তার হবু স্ত্রীকে আগে তার বোনদের মন জয় করতে হবে। কারণ বোনদের আস্থা অর্জন করা যেকোনো মেয়ের জন্য বেশ কঠিন কাজ।

এদিকে বিয়ের গুঞ্জনে কথিত পাত্রীর সঙ্গে লিচেনস্টাইনের নাম উঠে এসেছে। দেশটি পশ্চিম ইউরোপে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত একটি ছোট সার্বভৌম রাষ্ট্র। দেশটির রাজধানী ভাদুজ, যা একই সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র।

সূত্র : জিও টিভি