ব্যবসা-বাণিজ্য সহজ করতে আমদানি ও রপ্তানিকৃত পণ্যের চালান পরীক্ষার নামে অহেতুক হয়রানি এবং পণ্য খালাসে বিলম্ব না করতে দেশের সব কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (৩০ আগস্ট) এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে এনবিআর। এতে পণ্য খালাস ও চালান পরীক্ষার বিষয়ে ১৩টি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, নির্দেশনায় বলা হয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় নথির বাইরে আমদানিকারক বা রপ্তানিকারকের কাছ থেকে কোনো অতিরিক্ত নথি নেওয়া যাবে না। অনলাইনে দাখিল করা নথি আবার ম্যানুয়ালি জমা দেওয়ার প্রয়োজন নেই।
ঝুঁকিপূর্ণ নয় এমন পণ্যচালান এবং এ বিষয়ে এনবিআরের আলাদা নির্দেশনা না থাকলে সংশ্লিষ্ট নথি অপ্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো বন্ধ করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শুল্ক ফাঁকির সুনির্দিষ্ট তথ্য না থাকলে একই পণ্যচালান একাধিকবার সরেজমিন পরীক্ষা করা যাবে না। রাজস্ব ঝুঁকির ভিত্তিতে চালান বাছাই এবং সরেজমিন পরীক্ষার ফলাফল মূল্যায়নের ভিত্তিতে পণ্যচালান পরীক্ষার জন্য নির্বাচন করতে হবে।
এ ছাড়া কাস্টমস অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ধাপ পরিহার এবং একই পণ্যচালান পুনরায় পরীক্ষা এড়াতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্দরে পণ্যজট এড়াতে নিলাম কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি রাজস্ব সুরক্ষায় কর্মকর্তাদের নজরদারি জোরদার করতেও নির্দেশ দিয়েছে এনবিআর।





