থাইল্যান্ডের চনবুড়ি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে নিজের শিক্ষক স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন এক পুলিশ কর্মকর্তা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে ওই সময় স্কুলে থাকা ৪৪ শিশু এবং অন্য শিক্ষক-কর্মীদের সবাই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে চনবুড়ি প্রদেশের নং প্লা লাই পৌর কিন্ডারগার্টেনে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় পুলিশ সদস্য ওই ব্যক্তি সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে গুলি করেন। ঘটনাটি শ্রেণিকক্ষের বাইরে ঘটায় কোনো শিশু সরাসরি তা দেখেনি।
গুলি চালানোর পর ওই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল থেকে নিজের বাড়িতে ফিরে যান। পরে পুলিশ তাঁর বাড়ি ঘিরে ফেলে এবং আত্মসমর্পণের জন্য তাঁর সঙ্গে আলোচনা শুরু করে। ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।
চনবুড়ির গভর্নর নারিস নিরামাইওং জানিয়েছেন, স্কুলের ৪৪ শিশু, তিন শিক্ষক এবং আরও তিন কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো শিশুর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আতঙ্কিত শিশু ও কর্মীদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার পর কিন্ডারগার্টেনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করছে।





