অভিনয়শিল্পী যদি মুখে অতিরিক্ত মেকআপ মেখে সেটে আসতেন, তবে তা কমানোর জন্য সরাসরি পাঠিয়ে দিতেন মুখ ধুতে— এমনকি চিত্রনাট্যে তড়িঘড়ি বানিয়ে ফেলতেন মুখ ধোয়ার নতুন কোনো দৃশ্য! কিংবদন্তি গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গুলজারের শুটিং সেটের এমনই এক মজাদার ও শৃঙ্খলাবদ্ধ কাজের পরিবেশের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার মেয়ে, বিশিষ্ট পরিচালক মেঘনা গুলজার।
নির্মাতার আসন্ন ছবি ‘দায়রা’র সংগীত প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাবা-মেয়ে দুজনেই অতীতের সেসব স্মৃতিচারণ করেন এবং নিজেদের কাজের অনন্য সব অভ্যাসের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
আগামী সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত নতুন চলচ্চিত্র ‘দায়রা’। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুর খান এবং পৃথ্বীরাজ সুকুমারন। এর সংগীত উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান চলচ্চিত্র ব্যক্তিত্ব গুলজার, যিনি সিনেমাটির মূল চিত্রনাট্যকার যশ কেসওয়ানি ও সিমা আগরওয়ালের সঙ্গে সহ-লেখক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ছবিটির ‘সচ কা দায়রা’ গানটির গীতিকারও তিনি। এই আয়োজনেই কথায় কথায় উঠে আসে শুটিং সেটে শিল্পীদের মেকআপ ও পারফরম্যান্স নিয়ে গুলজারের নিজস্ব কিছু নিয়মের গল্প।
অনুষ্ঠানে নিজের পুরস্কৃত করার অভ্যাসের কথা জানিয়ে গুলজার হাসিমুখে বলেন, তিনি সব সময় পকেটে টফি বা চকলেট রাখতেন। কোনো শিল্পী কিংবা টেকনিশিয়ান যদি একটি চমৎকার শট উপহার দিতেন, তবে তিনি পকেট থেকে টফি বের করে তাদের পুরস্কৃত করতেন। এরপরই তার কাজের কঠোর নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে মেঘনা গুলজার বলেন, অভিনেত্রী শর্মিলা ঠাকুরও হয়তো এই বিষয়টি ভালোভাবে জানবেন যে, গুলজারের সেটে কোনো অভিনেত্রী যদি অতিরিক্ত মেকআপ করে আসতেন, তবে তাকে তা কমিয়ে সাধারণ রূপ নিয়ে আসতে ফেরত পাঠানো হতো।
এই প্রসঙ্গে হাস্যরসের জোগান দিয়ে গুলজার নিজেই যোগ করেন, কেউ অতিরিক্ত মেকআপ করে ফেললে দৃশ্যটিই এমনভাবে শুরু হতো যেন চরিত্রটি মুখ-হাত ধুয়ে এসে কথা বলছে। আর বাবার এই কৌশলের ব্যাখ্যা দিতে গিয়ে মেঘনা জানান, বেশি মেকআপ করা তারকাদের শায়েস্তা করতে গুলজার সাহেব তখন তৎক্ষণাৎ এমন একটি দৃশ্যই লিখে ফেলতেন যেখানে ওই অভিনেত্রীকে মুখ ধুতে দেখা যাচ্ছে! গুলজারও মেঘনার কথায় সায় দিয়ে স্মৃতিচারণ করে বলেন, শিল্পীরা তার এই কৌশল ধরে ফেলতেন এবং পাঁচ-দশ মিনিটের সময় চেয়ে নিয়ে মেকআপ ঠিক করে সেটে ফিরতেন।
উল্লেখ্য, মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমাটিতে কারিনা কাপুর খান এবং পৃথ্বীরাজ সুকুমারনকে দুজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যারা কিশোর অপরাধের এক অন্ধকার ও জটিল দুনিয়ার মুখোমুখি দাঁড়িয়ে পরস্পরের বিপরীত মেরুতে অবস্থান নেন। প্রথাবিরোধী এ থ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে বাস্তব কিছু ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে।
প্রযোজনা সংস্থার একটি প্রেস নোটে জানানো হয়েছে, পুরো দেশকে নাড়িয়ে দেওয়া এবং ব্যাপক জনরোষের জন্ম দেওয়া একটি অপরাধের প্রেক্ষাপটে শুরু হয় ‘দায়রা’র গল্প, যা একে একে দুটি আলাদা তদন্ত প্রক্রিয়াকে সচল করে তোলে। সত্য অনুসন্ধানের পথ যত গভীর হয়, কারিনা ও পৃথ্বীরাজ অভিনীত দুই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা একই ব্যবস্থার অধীনে থেকেও কর্তব্য ও বিচারব্যবস্থার ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে মুখোমুখি হন এমন এক মামলার, যা ভুল ও সঠিকের প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।
সূত্র: এনডিটিভি





