আন্তর্জাতিক মানের পেমেন্ট কার্ড চালু করলো সিরিয়া

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই স্থানীয়ভাবে ইস্যুকৃত প্রথম ইলেকট্রনিক পেমেন্ট কার্ড চালু করেছে সিরিয়া। যা দেশের বাইরেও ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ১৫ বছরেরও বেশি সময় পর দেশটির ব্যাংকিং খাত পুনরায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সাথে যুক্ত হলো।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ সাফওয়াত রাসলানের উপস্থিতিতে এক সভায় ‘কিউএনবি সিরিয়া’ মাস্টারকার্ডের সহযোগিতায় এই কার্ডটি চালু করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন কার্ডটি ‘সিরিয়ার ইলেকট্রনিক পেমেন্ট ও অর্থ স্থানান্তর ব্যবস্থার উন্নয়নে একটি নতুন মাইলফলক’ হিসেবে কাজ করবে। এটি আন্তর্জাতিক কার্ডের গ্রহণযোগ্যতা পুনরুদ্ধার এবং বৈশ্বিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত স্থানীয় কার্ড ইস্যুর উভয় বিষয়কেই অন্তর্ভুক্ত করে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রক কাঠামোর অধীনে কার্ডগুলো ইস্যু করার জন্য কিউএনবি সিরিয়া মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছে।

এর আগে মে মাসে কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত ২৫৯ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারিত্বের আইনি ভিত্তি স্থাপন করেছে। এর ফলে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানিগুলোর জন্য বৈশ্বিক পরিষেবা প্রদানকারীদের সাথে কাজ করার একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি হয়েছে।

এই সিদ্ধান্তে লাইসেন্সিং, কমপ্লায়েন্স (নিয়মকানুন মেনে চলা), লেনদেন নিষ্পত্তি (সেটেলমেন্ট), সাইবার নিরাপত্তা এবং ডেটা সুরক্ষার শর্তাবলী নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানকে একক পরিষেবা প্রদানকারীর মধ্যে সীমাবদ্ধ না রেখে যোগ্য আন্তর্জাতিক নেটওয়ার্কগুলোর সাথে সহযোগিতার সুযোগও এতে রাখা হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, তারা অভ্যন্তরীণভাবে ইলেকট্রনিক আর্থিক পরিষেবার জন্য জাতীয় অবকাঠামো গড়ে তোলা এবং ব্যাংকিং ব্যবস্থাকে বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের সাথে পুনরায় সংযুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, নগদ অর্থের প্রাপ্যতা বজায় রেখে ব্যক্তি ও ব্যবসার জন্য বিভিন্ন বিকল্পের পরিধি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক আগস্ট মাসে একটি নতুন ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা চালু করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।