ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে স্ত্রীকে হত্যা করে তাঁর মাথা কেটে ফ্রিজে রাখার অভিযোগে গ্রেফতারকৃত সেই যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে মারা গেছেন। নিহত যুবক ৩০ বছর বয়সী রামানুজ গোস্বামী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে স্বাস্থ্য পরীক্ষার পর থানায় ফেরার পথে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, গোস্বামীকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ) থেকে হাতিগাঁও থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নরকাসুর পাহাড় এলাকার কাছে হঠাৎ তিনি পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন এবং চলন্ত গাড়ি থেকে লাফ দেন। পরে একটি খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে জিএমসিএইচে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর গুয়াহাটির একটি ফ্ল্যাটে ২৫ বছর বয়সী স্ত্রী রিয়া তালুকদারকে হত্যার অভিযোগে গোস্বামীকে গ্রেফতার করা হয়। প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ জানানোর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ফ্রিজে রাখা একটি কালো পলিথিনের ব্যাগ থেকে রিয়ার কাটা মাথা ও আঙুল উদ্ধার করে বলে কর্মকর্তারা জানান।
পুলিশের দাবি, গোস্বামী স্ত্রীকে হত্যার পর তাঁর মাথা কেটে ফ্রিজে রেখেছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন।
এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৩(১) ধারায় হত্যা এবং ২৩৮ ধারায় প্রমাণ লোপাটের অভিযোগে মামলা করা হয়। ৬ সেপ্টেম্বর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং সাত দিনের পুলিশি রিমান্ডে ছিলেন।





