দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকার মানুষ পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে মিনিবাস ট্যাক্সিতে যাতায়াত করে থাকে। ১৪ আসনের এই ট্যাক্সিগুলো প্রতিদিন অসংখ্য মানুষকে কর্মস্থলে বা শহরে এবং এমনকি সীমান্তের ওপারেও পৌঁছে দেয়।
দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রথমে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়। তিনজন গুরুতর আহত হয়েছিলেন বলেও জানা গেছে।
দুর্ঘটনার পর ওই অংশে এন-১ মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। সূত্র: আনাদোলু এজেন্সি





