ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। আগের একটি প্রস্তাব দেশটির সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ বাতিল করে দেওয়ার পর এবার সংশোধিত প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার।
সোমবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বিষয়টি জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করে নতুন খসড়া প্রস্তাবটি ইউরোপীয় কমিশনের কাছে অবহিত করা হয়েছে।
প্রস্তাবটি বাস্তবায়নের আগে এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হবে। ম্যাক্রোঁর ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় কমিশনকে প্রস্তাবটি অবহিত করা আইন প্রণয়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর ফলে প্রস্তাবিত আইনটি ইইউর প্রচলিত আইনকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পর্যালোচনার সুযোগ তৈরি হবে।
শিশুদের অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আলোচনা জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ফ্রান্সও নতুন করে উদ্যোগ নিয়েছে।
তবে ১৫ বছরের কম বয়সীদের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাবটি কার্যকর করতে এখনো বেশ কিছু আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সূত্র : ইউরো নিউজ।





