তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ২০ লাখ টাকার ‘উদ্যোগ’

দেশের প্রকট বেকার সমস্যা নিরসন এবং তরুণদের চাকরিপ্রার্থীর পরিবর্তে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি নতুন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এই কর্মসূচির আনুষ্ঠানিক আবেদনপ্রক্রিয়া, যা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাঁদের হাতে ব্যবসার পুঁজি তুলে দেওয়াই কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের আটটি জেলার (মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা) মোট ৬৪টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা নতুন বা বিদ্যমান ব্যবসা পরিচালনার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। অর্থায়নের বিশেষ আকর্ষণ হলো, এতে ঋণের পাশাপাশি এককালীন অনুদানের সুযোগ রয়েছে। মোট সহায়তার ৫০ শতাংশ (সর্বোচ্চ ১০ লাখ টাকা) ব্যাংকঋণ এবং বাকি ৫০ শতাংশ (সর্বোচ্চ ১০ লাখ টাকা) দেওয়া হবে অনুদান হিসেবে। সম্পূর্ণ জামানতহীন এই সুবিধায় নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে বা অর্থের অপব্যবহার করা হলে অনুদান বাতিল হয়ে তা ঋণে রূপান্তরিত হবে এবং তা সরকারি পাওনা হিসেবে আদায় করা হবে।

কর্মসূচিতে আবেদনের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা এবং আবেদন গ্রহণের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি ই-কমার্স, ফিনটেক, এডটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর স্টার্টআপের উদ্যোক্তারা এই সহায়তা পাবেন। তবে ইতিপূর্বে ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি কিংবা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা এতে আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল বা তফসিলি ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) থেকে ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ এলাকার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: বাংলাদেশে ব্যাংকে অফিশিয়াল ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি সরাসরি ডাউনলোড করা যাবে।

আবেদন জমা দেওয়ার স্থান: নিজ এলাকার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা

প্রয়োজনীয় কাগজপত্র: পূরণ করা আবেদন ফরম, জাতীয় পরিচয়পত্র, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ, ছবি এবং শিক্ষাগত ও প্রশিক্ষণ সনদ (যদি থাকে)।