ফাস্ট ফ্যাশন বনাম স্লো ফ্যাশন

সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ে রিিলস ও টিকটকের নানা কনটেন্ট- ‘আউটফিট অব দ্য ডে’, ‘ক্লোদিং হল’ কিংবা নতুন কাপড়ের আনবক্সিং ভিডিও। কয়েক সেকেন্ডের স্ক্রোলিংয়ে নজরকাড়া সব পোশাক তরুণ প্রজন্মকে প্রতিনিয়ত দিচ্ছে নতুন জামা কেনার তাড়না। ভার্চুয়াল দুনিয়ায় লাইক, কমেন্ট ও ট্রেন্ডের পেছনে দৌড়াতে গিয়ে আমরা হয়তো খেয়ালই করছি না, ফ্যাশনের এই ক্ষণস্থায়ী রোমাঞ্চ কীভাবে নিঃশব্দে ধস নামাচ্ছি আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর।

ফাস্ট ফ্যাশন হলো মূলত অতি দ্রুত এবং সস্তায় ট্রেন্ডি পোশাক তৈরি করে বাজারে আনার এক বৈশ্বিক বাণিজ্যিক মডেল। ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর ভর করে কাপড়ের স্থায়িত্ব কমানো হয়েছে, বদলে বাড়িয়ে দেওয়া হয়েছে মানুষের কৃত্রিম চাহিদা। আজ যে পোশাকটি পরাকে বলা হচ্ছে ‘ট্রেন্ডি’, আগামী এক সপ্তাহের মধ্যেই সেটি হয়ে পড়ছে ‘আউট অব ডেটেড’। গবেষণায় দেখা গেছে, আধুনিক বিশ্ব প্রতি বছর কয়েক হাজার কোটি নতুন পোশাক উৎপাদন করছে, যা প্রয়োজনের তুলনায় বহুগুণ বেশি। কিন্তু ফ্যাশনের এই কৃত্রিম চাহিদার আড়ালে তৈরি হচ্ছে এক বিশাল পরিবেশগত সংকট। পোশাক শিল্প বিশ্বজুড়ে প্রায় ১০ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী, যা আন্তর্জাতিক বিমান ও নৌ যোগাযোগের সম্মিলিত কার্বন নির্গমনের চেয়েও বেশি। এছাড়া ক্ষতিকর টেক্সটাইল ডাই থেকে নদীর পানি দূষিত হচ্ছে এবং সিন্থেটিক ফাইবারের অতিরিক্ত ব্যবহারের ফলে সাগরে মিশছে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক। মাত্র কয়েকবার ব্যবহারের পর ফেলে দেওয়া এই সস্তা কাপড়গুলো জমা হচ্ছে বিশ্বের বিভিন্ন বর্জ্যাঞ্চলে, যা পচতে সময় লাগবে কয়েকশো বছর।

এই সর্বগ্রাসী অপচয়ের বিপরীতে এক শক্তিশালী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে ‘স্লো ফ্যাশন’ আন্দোলন। এটি মূলত টেকসই এবং নৈতিক ফ্যাশন চর্চার এমন এক মডেল, যা পরিবেশবান্ধব কাপড় প্রস্তুতকরণ, পোশাকে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের ব্যবহার এবং স্থায়িত্বের ওপর জোর দেয়। স্লো ফ্যাশন আমাদের শেখায় অতি-উপভোগবাদ ত্যাগ করে মেপে কেনাকাটা করতে এবং একটি পোশাক বারবার পরাকে লজ্জিত বিষয় হিসেবে না দেখে গর্ব হিসেবে গণ্য করতে। রিইউজ, রিক্লেম ও আপসাইক্লিংয়ের মতো চর্চা পরিবেশের ওপর টেক্সটাইল বর্জ্যের মারাত্মক প্রভাবকে অনেকটাই কমিয়ে আনতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম আমাদের বারবার অপ্রয়োজনীয় কেনাকাটায় উৎসাহিত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাময়িক ভার্চুয়াল বাহবা পাওয়ার তাগিদে পৃথিবীর স্থায়ী ক্ষতি করার বিলাসিতা আমাদের আর নেই। ভার্চুয়াল দুনিয়ার চটকদার প্রভাব কাটিয়ে পরিবেশ ও জীবনের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সচেতন হওয়া এখন সময়ের দাবি। সস্তা ফ্যাশনের ট্রেন্ডে গা না ভাসিয়ে পরিমিত, দায়িত্বশীল এবং টিকসই ফ্যাশনচর্চাই পারে এই সংকট দূর করতে।