ভারতে বন্যার স্রোতে গাড়ি ভেসে নিহত ৮

ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় বন্যার পানির স্রোতে গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) নালখেড়া থানা এলাকার বগুলামুখী মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা ওড়িশার ভুবনেশ্বরের জয়দেব বিহারের বাসিন্দা। তারা তীর্থযাত্রায় মধ্যপ্রদেশে গিয়েছিলেন। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শন শেষে আরেকটি মন্দিরে যাওয়ার পথে তাদের গাড়িটি বন্যার পানির স্রোতে ভেসে যায়।

নিহত আটজনের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। অপর ব্যক্তি ছিলেন গাড়ির চালক, যিনি স্থানীয় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে প্রায় চার ইঞ্চি বৃষ্টিপাত হয়। এতে পানির স্তর দ্রুত বেড়ে গিয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়। ওই স্রোতেই গাড়িটি ভেসে যায়।

খবর পেয়ে নালখেড়া থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আটজনের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া