‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’- অপ্রতিমের মায়ের ক্ষোভ

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই’- বলে ক্ষোভ প্রকাশ করেছেন করেছেন কুমিল্লায় নিহত অপ্রতিমের মা নাহিদা বেগম।

অপ্রতিমের বাড়িতে চলছে মাতম। দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে তার হাসিমুখের স্মৃতি। একমাত্র সন্তানকে হারিয়ে মা কান্নায় ভেঙে পড়েছেন। নির্বাক বাবা। স্বজনদের চোখেও অশ্রু।

শুক্রবার বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

শনিবার সকালে লালমাই পাহাড়ের পাদদেশের জঙ্গল থেকে অপ্রতিমের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে ছিল না মায়ের দেওয়া আইফোনটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোনটি ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সন্তান নিখোঁজ হওয়ার পর ফেসবুকে তাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছিলেন মা। কিন্তু শেষ পর্যন্ত জীবিত সন্তানকে ফিরে পাননি তিনি।

এদিকে রবিবার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়।

অপ্রতিম হত্যার ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ।