রাশিয়ার নির্বাচনে পুতিনের ভূমিধস বিজয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। দেশটির জাতীয় নির্বাচন কমিশন প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

স্টেট দুমার মোট আসন ৪৫০টি। এর মধ্যে ৩৫০টি আসনে জয় পেয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা।

গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন দুমা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গতকাল ২১ সেপ্টেম্বর নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন। ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে দেশটির মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। গণনা করা ভোটের মধ্যে ৫৮ শতাংশের বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।

২০০১ সালের নির্বাচনে জয় পাওয়ার মধ্য দিয়ে স্টেট দুমায় দলটির আধিপত্যের সূচনা হয়। এরপর টানা ২৫ বছর ধরে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ ধরে রেখেছে পুতিনের দল। রাশিয়ায় প্রতি পাঁচ বছর পর পর দুমা নির্বাচন অনুষ্ঠিত হয়। সদ্য সমাপ্ত নির্বাচনসহ গত ২৫ বছরে মোট পাঁচটি নির্বাচন হয়েছে এবং প্রতিবারই বিজয়ী হয়েছে ইউনাইটেড রাশিয়া। তবে এবারের মতো এত বড় ব্যবধানের জয় বা এত বেশি ভোট পাওয়ার ঘটনা আগে দেখা যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কোর মতে, প্রায় ৬০ শতাংশ ভোটারের অংশগ্রহণ এবং নির্বাচনের ফলাফলকে মস্কো তাদের কর্মকাণ্ডের প্রতি জনসমর্থনের ইঙ্গিত হিসেবে দেখাতে পারে। বিশেষ করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন হিসেবে এই ফলাফলকে তুলে ধরার পাশাপাশি নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার বার্তাও দিতে পারে রুশ সরকার।