সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে আবেদনটি করেন।
আবেদনে দুদক জানায়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে তার দেশত্যাগের সম্ভাবনার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। তিনি বিদেশে চলে গেলে মামলার প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি তদন্ত কার্যক্রমও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দুদক।
এ কারণে মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রা বন্ধের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
দুদকের অনুসন্ধানে ইমা ক্লেয়ার বার্টনের নামে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদের তথ্য পাওয়া যায়। এরপর তাকে নির্ধারিত ফরমে সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা জমা দেননি। পরে এ ঘটনায় মামলা করে দুদক।
এর আগে ২০২৫ সালের ৪ জুন ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। সে সময় কমিশন জানিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হবে।
অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে নওফেলের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। কমিশনের তথ্য অনুযায়ী, ওই মামলায় নওফেলের ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি। এছাড়া নওফেল ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাবে ১১৩ কোটি ৮৯ লাখ টাকার বেশি জমা এবং ৯৭ কোটি ৩০ লাখ টাকার বেশি উত্তোলনের তথ্যও পাওয়া যায়।





