বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের আরও কার্যকর ও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, সরকারি সংস্কার উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে আগ্রহী এবং এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোচনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিত সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কার (ইনস্টিটিউশনাল রিফর্ম) নিয়েও মতবিনিময় হয়।
জহির উদ্দিন স্বপন বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করে সরকারের চলমান অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা জানান।





