বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার চলমান বৈবাহিক কলহ এবং সহশিল্পী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে অভিনেতার প্রেমের তীব্র গুঞ্জনের মধ্যে এবার মুখ খুলেছেন আরেক প্রবীণ অভিনেতা অনুপম খের।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে গোবিন্দের ব্যক্তিগত জীবন ও গণমাধ্যমের অতিরিক্ত মনোযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একজন অভিনেতার উচিত নয় তার ব্যক্তিগত জীবনের ঝামেলাকে পেশাগত কাজের ওপর প্রভাব ফেলতে দেওয়া। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে গোবিন্দ অন্যতম সেরা একজন অভিনেতা। তার সঙ্গে প্রায় ১০ থেকে ১২টি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাৎক্ষণিক সংলাপ তৈরি করা, অভিনয়ের দক্ষতা কিংবা নাচ—কোনো ক্ষেত্রেই গোবিন্দের সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারবে না।
কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগত জীবন বা অভ্যাসের কারণে পুরো ক্যারিয়ারকে ঢাকা পড়তে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন বর্ষীয়ান এ অভিনেতা।
বিতর্কের এই ঝড়ের আবহেই সম্প্রতি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ‘লালবাগচা রাজা’ গণপতি মণ্ডপে সহশিল্পী ও গুঞ্জনে থাকা প্রেমিকা কোমল রানি স্বর্ণকারকে নিয়ে একসঙ্গে পূজা দিতে যান গোবিন্দ। এই উপস্থিতি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। ভিডিও ফুটেজে গোবিন্দকে সাদা কুর্তা-পায়জামায় এবং কোমল রানিকে লাল-হলুদ শাড়িতে দেখা যায়। সেখানে আলোকচিত্রীদের দেখতে পেয়ে গোবিন্দ ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে অভিবাদন জানান এবং কোমল রানিও পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত নাড়েন।
কাকতালীয়ভাবে, গোবিন্দ ও কোমল রানির এই দর্শনের ঠিক কয়েক ঘণ্টা আগেই গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা একা ওই মণ্ডপে গিয়ে বাপ্পার আশীর্বাদ নেন এবং উপস্থিত মানুষদের সঙ্গে কথা বলেন।
গোবিন্দের এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অনুপম খের আরও বলেন, তাকে বিচার করার মতো কেউ আমি নই। তিনি তার জীবন সবচেয়ে ভালো বোঝেন এবং নিজেই তা সামলে নিতে পারবেন। আমি একবার তাকে ফোন করেছিলাম, তিনি পরে ফোন করার কথা জানান। আমি তাকে শুধু বলতে চেয়েছিলাম—‘এই কঠিন সময়ও কেটে যাবে’।
তিনি আরও যোগ করেন, প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো দুঃসময় থাকে। আমার মনে হয় না যে নিজের প্রচার বা সঠিক বিপণন করতে না পারাটা তার মূল সমস্যা। আমার ধারণা, তিনি তার চারপাশের পারিপার্শ্বিকতা ও জীবনের নানা ঝঞ্জাটে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে তিনি এখনো হাল ছেড়ে দেননি, তাই আশা বাকি আছে। আমি প্রার্থনা করি, তিনি যেন দ্রুত এই ধাক্কা সামলে উঠে আগের চেয়ে অনেক বেশি কাজ নিয়ে ঘুরে দাঁড়াতে পারেন।
গোবিন্দ ও কোমল রানি স্বর্ণকারের প্রেমের সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে, যা তাদের বারবার প্রকাশ্যে একসঙ্গে আসার পর আরও ঘনীভূত হয়। চলতি বছরের শুরুর দিকে মুম্বাই বিমানবন্দরে তাদের দুজনকে প্রথম একসঙ্গে ক্যামেরাবন্দি করা হলে এই গুঞ্জনের সূত্রপাত ঘটেছিল। এবার স্ত্রীর একা পূজামণ্ডপে যাওয়া এবং তার পরপরই সহশিল্পীকে নিয়ে একই স্থানে গোবিন্দের উপস্থিতির ঘটনায় সেই বিতর্ক নতুন মাত্রা পেল এবং এরপরই অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী অনুপম খেরের এই বার্তা সামনে এলো।
সূত্র: এনডিটিভি





