দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, এশিয়ায় ১১৩তম

টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মূল্যায়নে সাফল্য পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ বাংলাদেশে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এশিয়ায় আইইউবিএটির অবস্থান ১১৩তম এবং বিশ্বে ১৯৭তম।

আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের র‌্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করা হয়। র‌্যাংকিংয়ের ১৭তম আসরে ১১০টি দেশের ২ হাজার ১৬টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিতাস ইন্দোনেশিয়া ২০১০ সাল থেকে এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর সবুজ ক্যাম্পাস ও টেকসই উন্নয়নের নীতি কতটা বাস্তবায়িত হচ্ছে, তা মূল্যায়ন করাই এ র‌্যাংকিংয়ের মূল উদ্দেশ্য। ২০২৬ সালের মূল্যায়নে সাতটি প্রধান ক্ষেত্র বিবেচনা করা হয়েছে। এগুলো হলো- পরিবেশ ও অবকাঠামো, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পরিবহন, শিক্ষা ও গবেষণা এবং শাসনব্যবস্থা ও ডিজিটালাইজেশন।

বাংলাদেশের শীর্ষ অবস্থানে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

আইইউবিএটির এ অর্জনে কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, ‘এ স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফল। টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাব।’

প্রসঙ্গত, ১৯৯১ সালে যাত্রা শুরু করা আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান এর প্রতিষ্ঠাতা। পরিবেশ উন্নয়নের অঙ্গীকার থেকে তিনি ২০০৮ সালে আইইউবিএটিকে “গ্রিন ক্যাম্পাস” হিসেবে ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই ক্যাম্পাস গড়ার চর্চা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেল।