ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকায় ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সরেজমিনে কারখানাগুলো ঘুরে এ তথ্য জানা গেছে।
সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎসহ আশপাশের শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা যায়।
সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা এসব নোটিশ দেখতে পান।
এদিকে, সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কোনাবাড়ী এলাকার দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে শ্রম আইন ১৩(১) ধারা অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া ২৭টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলোতে আবারও উৎপাদন শুরু হতে পারে।
তিনি আরও জানান, সোমবার এখন পর্যন্ত অন্য কোথাও আন্দোলন বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী বিসিক এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।
বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





