কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের প্রায় চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে রাত আনুমানিক ৩টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসফাতুল ইসলাম জিসানের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, লাশের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ আইনগত কার্যক্রম শুরু করেছে।
তবে কারা জিসানকে অপহরণ করেছে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।





