নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় আমির (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাসির (৩৫) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির ঢাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করতেন এবং রাজধানীর একটি কাপড়ের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমির ও নাসির মোটরসাইকেলযোগে ঢাকার শাহজাহানপুর থেকে নরসিংদীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ে সড়কের কেন্দুয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আমির নিহত হন। গুরুতর আহত হন নাসির।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত নাসিরকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





