আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে কারাগারে থেকেও নিজের বৃদ্ধা মা ও প্রবাসী ভাইকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও বাড়ির দখল না পেয়ে এবং ক্রমাগত মানসিক নিপীড়নের মুখে পড়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ছোট ভাই।
বুধবার ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তুরিন আফরোজের ভাই প্রবাসী অধ্যাপক শাহনেওয়াজ আহমেদ শিশির।
সংবাদ সম্মেলনে শিশির অভিযোগ করেন, উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও তিনি ও তার বৃদ্ধা মা সামসুন নাহার তসলিম নিজেদের বাড়িতেই অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের নিজস্ব সাড়ে ৭ কাঠা জমির ওপর নির্মিত ৬তলা ভবনের মাত্র ৮ ফুট বাই ৮ ফুটের একটি ছোট কক্ষে নিরাপত্তা প্রহরী ও কেয়ারটেকারের সঙ্গে গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এছাড়া সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের প্রতিটি গতিবিধি নজরদারিতে রেখে তীব্র মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
অধ্যাপক শিশির আরও বলেন, কেন্দ্রীয় কারাগারে বন্দি থেকেও তুরিন আফরোজ সব কলকাঠি নাড়ছেন এবং মানসিকভাবে পিছিয়ে থাকা নিজের ১৯ বছর বয়সী মেয়েকে ব্যক্তিগত ও রাজনৈতিক হীনস্বার্থে ব্যবহার করছেন।
এমন পরিস্থিতিতে আদালতের আদেশের পূর্ণ বাস্তবায়ন, নিজেদের জীবনের নিরাপত্তা এবং নিজ বাড়ির দখল ফিরে পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তিনি।





